২৫ শতাংশ শুল্কে চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৭ ১৩:২৭:৫২


চালের সংকট নিরসনে শুল্কের হার কমিয়ে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।এখন থেকে ২৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। আগে এ শুল্কের হার ছিল ৬২ দশমিক ৫ শতাংশ। নতুন শুল্ক হারে চাল আমদানি করতে আগ্রহীদের আগামী ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।

আজ রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান। এদিন চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপসমূহ নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাজার নিয়ন্ত্রণ করতেই আমরা বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছি। আগে ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক ছিল। এখন ২৫ শতাংশ করা হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

খাদ্যমন্ত্রী বলেন, বৈধ লাইসেন্সধারীদের আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ দেয়া হবে। মন্ত্রণালয় থেকে যাকে যতটুকু ছাড়পত্র দেয়া হবে, সে অনুযায়ী এলসি হবে। সেটা আমরা মনিটরিং করব।

তিনি বলেন, সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন এবং দেড় লাখ মেট্রিক টন জিটুজি পদ্ধতিতে এবং বেসরকারিভাবে চাল আমদানি করা হবে।

সানবিডি/এনজে