জার্মানিতে শতবর্ষী নারীকে দিয়ে টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১২-২৭ ১৫:১৮:৩০


এদিথ কোইজালা, বয়স ১০১। জার্মানির এই প্রবীণ নাগরিক বাস করেন দেশটির প্রবীণনিবাসে। এদিথ কোইজালাকে করোনার ভ্যাকসিন দেয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু করলো জার্মানি।

এদিথ কোইজালার পর প্রবীণনিবাসের বাকী ৪০ প্রবীণ এবং ১১ কর্মীকেও ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হয়েছে।

দেশটিতে খুব দ্রুত ১৩ লাখ মানুষকে টিকা দেয়া হবে। এরপর জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৭ লাখ মানুষ টিকার আওতায় আসবেন। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান এই প্রক্রিয়াকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।

এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহামারি জয় করতে টিকা কার্যকর চাবিকাঠি। জীবন বাঁচাতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই।

করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে জার্মানির পরিস্থিতি ভালোই ছিল। তবে দ্বিতীয় ঢেউয়ের সময় দেশটিতে সংক্রমণ বেড়েছে। রবার্ট কচ ইনস্টিটিউটের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১৪ হাজার ৪৫৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ২৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪২২ জন।