১০ হাজার দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করবে রিহ্যাব
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৮ ১৯:৪৮:০৬
দেশের নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে ১১টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। আজ সোমবার (২৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রিহ্যাবের এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে দুই দফায় রিহ্যাব ১১ হাজার নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব।
রিহ্যাবের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় এসইআইপি- রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য, রিহ্যাব পরিচালক ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী , প্রকৌশলী মো. আল আমিন এবং চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা স্বাক্ষর করেন। করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














