ভ্যাকসিন কিনতে একনেকে ৪২৩৬ কোটি টাকা অনুমোদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৫ ১৬:২৬:১৯


মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন কেনা,সংরক্ষণ ও সরবরাহ বাবদ চার হাজার ২৩৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চলমান একটি প্রকল্পের আওতায় এ টাকা অনুমোদন করা হয়েছে।

ওই প্রকল্পের আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে (জুন ২০২১ পর্যন্ত) তিন হাজার ৩০ কোটি টাকা খরচ হবে। প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৭৮৬ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ১৭২ কোটি ৪৫ লাখ এবং বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাসট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ঋণ ছয় হাজার ৬১৪ কোটি ১৩ লাখ টাকা। এপ্রিল ২০২০ থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের জন্য এটি সংশোধন করা হবে।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  একনেক বৈঠকে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে এই টাকা অনুমোদন দেওয়া হয়। মূলত ভ্যাকসিন কেনার জন্যই চলমান প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন দেওয়া হলো। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন। অন্যদিকে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে