সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তিন মাস
বিশ্ববাজারে ১০০ কোটি টাকার রেমডিসিভির রফতানি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৮ ০৮:৪৩:১০
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কার্যকর ওষুধ হিসেবে বাংলাদেশ থেকে ‘রেমডেসিভির’ রফতানি হচ্ছে বিশ্ববাজারে। দেশের ছয়টি ওষুধ প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান গত তিন মাসে ১০০ কোটি টাকার বেশি রেমডেসিভির রফতানি করেছে। ওষুধটি চলতি অর্থবছর শেষে সর্বোচ্চ রফতানি হওয়া ওষুধের স্বীকৃতি পাবে বলে প্রত্যাশা করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ব্যাপারে ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মে ও জুন মাসে বেক্সিমকো, বীকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার ও হেলথকেয়ারকে রেমডেসিভির উৎপাদনের অনুমতি দেয়া হয়। পরে বাজারজাত করার এবং রফতানির অনুমতি দেয়া হলে সেপ্টেম্বর থেকে রফতানি শুরু করে প্রতিষ্ঠানগুলো।
এ ব্যাপারে ঔষধ প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিদায়ী ২০২০ বছরের সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌনে তিন মাসে ১০০ কোটি টাকার বেশি রেমডেসিভির রফতানি করেছে ওষুধ প্রস্তুতকারী ছয়টি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশসহ বিভিন্ন দেশে ওষুধটি রফতানি করা হয়। অনেক দেশ তাদের সরকারি দরপত্র আহ্বানের মাধ্যমে এ ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করে। এর মধ্যে ইনসেপ্টা পাকিস্তান, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, উজবেকিস্তান, অস্ট্রেলিয়ায় রফতানি করেছে ১৮ লাখ ৬৭ হাজার ৫১৬ ডলার মূল্যের রেমডেসিভির। প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রেমডেসিভির রফতানির পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হচ্ছে বলে জানান তিনি। ছয় প্রতিষ্ঠান স্বল্প সময়ে একটি মাত্র ওষুধ যে পরিমাণে রফতানি করেছে, তা সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও জানান এ কর্মকর্তা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














