প্রান্তিক লবণ চাষীদের স্বল্পসুদে ঋণ দিবে বিসিক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৯ ১৯:৩০:৪৯


বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর মাধ্যমে প্রান্তিক লবণ চাষীদের স্বল্পসুদে ঋণ প্রদান করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব কে এম আলী আজম। তিনি বলেন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার প্রান্তিক লবণ চাষীদের ঋণ বিতরণের জন্য বিসিক নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নিবে। পর্যায়ক্রমে এ তহবিলের পরিমাণ বাড়ানো হবে।

বৃহস্পতিবার কক্সবাজারে লবণশিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দের সাথে মতবিনিময় সভায় কেএম আলী আজম এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

প্রান্তিক লবণ চাষীদের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ইতোমধ্যে  দশ লাখ টাকা বিতরণের মাধ্যমে এ ঋণ কর্মসূচি শুরু করেছে। বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান প্রাান্তিক লবণ চাষীদের মাঝে ঋণের চেক বিতরণ করে এ ঋণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এসময় শিল্পসচিব বলেন, সরকারিভাবে ১ লক্ষ মেট্রিক টন লবণ ধারণক্ষমতা সম্পূর্ণ বাফার গুদাম তৈরি করার পরিকল্পনা হাতে নিবে শিল্প মন্ত্রণালয়। সেই সাথে লবণের উৎপাদন খরচ কমানোর জন্য কাজ করবে শিল্প মন্ত্রণালয়।

সানবিডি/এনজে