বেসরকারি এলপি গ্যাসের দাম কমানোর প্রস্তাব

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৫ ১৪:০২:৫৪


দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করতে প্রথমবারের মতো গণশুনানি করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ শুনানিতে কমিশনের ‘কারিগরি মূল্যায়ন কমিটি’ (টিইসি) বেসরকারি এলপি গ্যাসের দাম কমানো এবং সরকারি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বর্তমানে সাড়ে ১২ কেজির প্রতি সিলিন্ডার সরকারি এলপি গ্যাস ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা ও ব্যয় বিবেচনায় এটি ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। তবে শুনানিতে বর্তমান মার্জিন, মূল্য সংযোজন কর (মূসক) এবং ক্রস সাবসিডি বিবেচনায় প্রতি সিলিন্ডারের ৯০২ টাকা ৮ পয়সা করার প্রস্তাব করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।

অন্যদিকে বেসরকারি এলপিজি কোম্পানিগুলো সার্বিক খরচ অন্তর্ভুক্ত করে বর্তমান বাজার মূল্যহার বিবেচনায় প্রতি ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ২৫৯ টাকা করার প্রস্তাব দেয়। তবে কারিগরি মূল্যায়ন কমিটি তা কমিয়ে প্রতি সিলিন্ডার ৮৬৬ টাকা করার প্রস্তাব রেখেছে।

এছাড়া কোম্পানিগুলো ৩৫ কেজির প্রতি সিলিন্ডার এলপিজির দাম ২ হাজার ৬৭২ টাকা ৫৫ পয়সা প্রস্তাব করলে কারিগরি মূল্যায়ন কমিটি তা ২ হাজার ৫২৫ টাকা করার প্রস্তাব রাখে। একইভাবে ৪৫ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৩ হাজার ২৪৬ টাকা করার প্রস্তাব করে কমিটি। যদিও বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব ছিল ৪ হাজার ৭২১ টাকা ৫৫ পয়সা দাম নির্ধারণের।

সানবিডি/এনজে