ফরিদগঞ্জে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-২১ ১৪:৫৮:৪৭


চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি মুদি দোকান ও গরুর খামার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি।

অগ্নিকান্ডের ঘটনা টের পেয়ে  প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে সব  পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কেরোয়া গ্রামের চরগুদাড়ার এলাকায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম ওরফে হগার আলী জানান, আমি রাত তিনটা সময় বিকট আওয়াজ পাই। এসময় বাইরে এসে দেখি আমার পাশের দোকানে  আগুন জলছে।

পরিবারের সদস্যরা ডাক চিৎকার দিলে  লোকজন ছুটে আসেন। আমরা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। ততক্ষণে দোকানের সম্পূর্ণ মালামালসহ দু’টি ঘর সম্পূর্ণ  ছাই হয়ে গেছে।

মুদি দোকান মালিক মোস্তফা কামাল (৬০)। সমস্ত জীবনের সঞ্চিত মালামাল পোড়া ছাইভস্ম দেখে তিনি  জ্ঞান হারিয়ে ফেলছেন। তার  ছেলে মাসুদ (৩৫) জানান, বাবার আয়ে তিনবোন, মাসহ আমাদের ছয় সদস্যের পরিবার এর ভরণপোষণ চলেছে।

এদিকে, খবর পেয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যকে সমবেদনা জানান।