বেনাপোল কাস্টমসে ১১০৬ কোটি টাকার রাজস্ব ঘাটতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৩ ১৪:৪৮:২০
বেনাপোল কাস্টম হাউজে কয়েক বছর ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এরই ধারাবাহিকতায় চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে কাস্টমস। এ সময় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৯৬ কোটি ১৪ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৭৩ লাখ টাকা। তবে গত বছরের এ সময়ের তুলনায় ৩৪২ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে। সেই হিসাবে এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ১২ শতাংশ।
এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউজের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন জানান, ২০১৯-২০ অর্থবছরে বাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৯৭ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছিল ১ হাজার ৫৪৭ কোটি ৩৮ লাখ টাকা। তবে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্থলপথের পাশাপাশি রেলপথেও আমদানি বেড়েছে। এতে করে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব ঘাটতি কম হতে পারে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














