জাপানি ব্যবসায়ীদের প্রতি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৬ ২১:৩৭:১৪


দেশের সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত প্রবিদ্ধির কথা উল্লেখ করে জাপানি আইটি ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগে আহ্বান জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাপান-বাংলাদেশের শতাধিক আইটি ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ জাপানি আইটি ব্যবসায়ীদের এমন আহবান জানান।

এই সেমিনারে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন এবং বি-টু-বি (দুই দেশের ব্যবসায়ী) বৈঠক উদ্বোধন করেন।

‍উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, করোনাভাইরাস মহামারির এই সময়ে অনলাইনে দুই সপ্তাহব্যাপী বিটুবি বৈঠক দুদেশের আইটি ব্যবসায়ীদের আলোচনা ও ব্যবসা সম্প্রসারণের অন্যতম সুযোগ।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতের সম্ভাবনা ও সুযোগসুবিধাগুলো সবার কাছে তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ যেমন হাইটেক পার্ক, কর সুবিধা, ওয়ান স্টপ সার্ভিস ইত্যাদি বর্ণনা করেন এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের যৌক্তিকতাও তুলে ধরেন। প্রতিমন্ত্রী জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগের এবং বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

সানবিডি/এনজে