মাগুরায় বিপুল পরিমাণে মাদকসহ ৩ ব্যাবসায়ী আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০২ ১১:৩৩:৪৮
মাগুরা ঢাকা মহাসড়কের মাজাইল মান্দারতলা এলাকা থেকে ১০০৭ বোতল ফেনসিডিল ও ৪০কেজি গাঁজাসহ তিনজনকে সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালে আটক করেছে র্যাব-৬।
আটককৃত হলেন, মেহেরপুর সদরের সাত্তার মন্ডলের ছেলে শমিরুল মন্ডল (২৮) , ও একই গ্রামের মৃত খোদাবক্সের ছেলে মো. আসান (৫০) এবং মেহেরপুর সদরের বারাতি বাজার গ্রামের মোহর আলীর ছেলে রিপন আলী (২৫)।
শ্রীপুর থানার ওসি আলী আহম্মেদ মাসুদ জানান, র্যাব ৬ এর সিপিসি ৩ যশোর ক্যাম্প এবং স্পেশাল কোম্পানি খুলনার বিশেষ যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মাজাইল মান্দারতলা এলাকায় চেক পোস্ট স্থাপন করে বগুড়া-ট-১১-২৪৪৯ রেজিস্ট্রেশনের একটি ট্রাক সংকেত দেওয়া স্বত্তেও দ্রুত বেগে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে।
পরে ট্রাকটি আটক করে তল্লাশী করা হয়। এসময় ট্রাকটির পিছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১০০৭ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের বস্তার মধ্যে আটটি বান্ডিলে রক্ষিত ৪০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিনজনকে গ্রেফতার করে রাত সাড়ে ৭ টার দিকে শ্রীপুর থানায় হস্থান্তর করে। আটক ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














