সরকারের পরিচালনায় পাটকল-চিনিকল চালুর আহ্বান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০২ ১৭:১১:১৬
দেশে সম্প্রতি বন্ধ ঘোষিত রাষ্ট্রীয় ২৫টি চিনিকল সরকারের পরিচালনায় চালু ও আধুনিকায়ন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ী নিয়োগ এবং আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধসহ ৯ দফা মেনে নেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এই আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনের নেতারা বলেন, স্কপ সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা দিয়েছিল মাত্র একহাজার ২০০ কোটি টাকা ব্যয়ে পাটকলগুলোকে আধুনিকায়ন করে লাভজনক করা সম্ভব। কিন্তু সরকার দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্রের সুপারিশে লোকসানের অভিযোগ তুলে রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করে করোনাকালে হাজার হাজার শ্রমিককে বেকারত্বের দিকে ঠেলে দিলো। পর্যায়ক্রমে চিনিকলগুলো বন্ধ করার অংশ হিসেবে ইতোমধ্যে ৬টি চিনিকলের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল সরকারি মালিকানায় চালু ও আধুনিকায়ন করার দাবি জানিয়ে নেতারা বলেন, সাধারণ আয়-ব্যয়ের পার্থক্য দিয়ে সরকারি প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ধারিত হতে পারে না।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














