খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জাইকার সঙ্গে চুক্তি সই

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৩ ১৯:২০:৪৮


দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ এ সংক্রান্ত নীতিমালা,গাইডলাইন,কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে একটি চুক্তি সই করেছে সরকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এই কারিগরী সহায়তা প্রকল্পে স্বাক্ষর করে।

আজ ‍বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার এবং জাইকার পক্ষে জাইকার প্রতিনিধি মি. ইউহো হায়াকাওয়া রেকর্ড অফ ডিসকাশনে সই করেন।

এই চুক্তির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন প্রকার নীতি প্রণয়ন, এসওপি বা মানসম্মত কার্যপদ্ধতি প্রণয়ন, যুগোপযোগী গাইডলাইন নির্মাণ, কৌশলগত পরিকল্পনা ২০২১-২০২৬ প্রণয়ন, বিভিন্ন প্রকার রেফারেন্স ল্যাব স্থাপন এবং বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের চাষযোগ্য জমির পরিমাণ মাথাপিছু অন্য অনেক দেশের চেয়ে কম এবং জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর সর্বোচ্চ। এ সত্ত্বেও বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকারের আমলে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ নাজমানারা খানুম, জাপানের রাষ্ট্রদূত মি. নাওকি ইতো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার।

সানবিডি/এনজে