পুলিশের জন্য কেনা হচ্ছে দু’টি অত্যাধুনিক হেলিকপ্টার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১০ ২০:১১:২৮
বাংলাদেশ পুলিশের জন্য রাশিয়া থেকে দু’টি অত্যাধুনিক হেলিকপ্টার কেনা হচ্ছে।হেলিকপ্টার দুটি জি-টু-জি ব্যবস্থায় দেশটির সঙ্গে আজ বুধবার বাংলাদেশ পুলিশ এবং হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পুলিশ সদর দপ্তরে এই স্মারক স্বাক্ষরিত হয়।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে আই ভোগেনিস্কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশ এবং রাশিয়া পরীক্ষিত বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।
বাংলাদেশ পুলিশে এই অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের ফলে দেশে জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা আরও বাড়বে , যা বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য মাত্রা যোগ করবে।
আইজিপি বেনজীর আহমেদ বলেন, হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে পুলিশের দীর্ঘদিনের প্রতীক্ষিত এয়ার উইং চালুর স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এর ফলে জরুরি অপারেশন পরিচালনায় পুলিশ সদস্যদের পরিবহন, খাদ্য ও ওষুধ সামগ্রী সরবরাহ এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পুলিশি কার্যক্রম সম্পাদনে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














