নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া চূড়ান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৮:৩৭:২৫


প্রতি বছর ভারতের মাধ্যমে নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর পাশাপাশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং’ শীর্ষক কর্মশালার ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। এরইমধ্যে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেড এর মাধ্যমে ১৫% বিদ্যুৎ অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে।’

উল্লেখ্য, ভারতের মাধ্যমে সরকার নেপালের আপার কার্নালি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। এ জন্য ২৫ বছরে ৩৮ হাজার ১৬০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে।

সানবিডি/এনজে