কর ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল করার তাগিদ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ২০:০১:১২


দেশে করের আওতা আরো ‍বাড়াতে কর ব্যবস্থাপনা দ্রুত পুরোপুরি ডিজিটাল করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) কর্মকর্তাদের আরো দায়িত্ববান হওয়ার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ তাগিদ দেন।

এই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ১৪১ জন সেরা করদাতার মধ্য থেকে ১০ জনকে ১টি সম্মাননাপত্র, ১টি ক্রেস্ট এবং ১টি আইডি কার্ড প্রদান করা হয়। বাকি করদাতাদের নিজ নিজ কর অঞ্চল অফিস থেকে পুরস্কার সংগ্রহ করতে বলা হয়েছে।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আগে কর নিয়ে মানুষের মধ্যে অনেক ভয়ভীতি ছিল, যা এখন অনেকটা দূর হয়েছে। কর সংগ্রহের সিস্টেম আরও উন্নত করা দরকার। এটা করতে পারলে জনগণ করের আওতায় চলে আসবে।’

মুস্তফা কামাল বলেন, ‘দেশের মানুষ কর দিতে চায়। আমরা সব জায়গায় পৌঁছাতে পারি না। সমন্বয় করতে পারলে করের আওতায় বাড়বে। এ প্রজন্ম হচ্ছে রেভিনিউ জেনারেশন।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনায় আমাদের কর জিডিপি অনুপাত এখনো অনেক কম। আমাদের অন্তত ১৫ থেকে ১৭ শতাংশ কর জিডিপি হওয়া উচিত।

সানবিডি/এনজে