আমদানি অব্যাহত
হিলিতে কেজিতে ২-৩ টাকা বেড়েছে চালের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৩ ১৮:৩১:০৩
চালের সংকট কাটাতে দিনাজপুরের জেলার হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানির পরিমাণ বাড়লে দাম কমেনি। হিলি স্থলবন্দরে গত কয়েক দিনের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে চালের আমদানি আরও বাড়লে দাম কমবে বলে আশা প্রকাশ করেন আমদানিকারকরা।
সম্প্রতি দেশের কৃষকদের ধান ও চালের ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে আমদানি নিরুৎসাহিত করতে চালের আমদানিশুল্ক বাড়িয়ে ৬২.৫ ভাগ করে সরকার। এতে করে ২০১৯ সালের ৩০ মে থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এ বছর আমনের ভরা মৌসুমে চালের দাম বেড়ে লাগামহীন হয়ে পড়ে। দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। দেশের বিভিন্ন আমদানিকারককে ৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। শুল্ক ৬২.৫ ভাগ থেকে কমিয়ে ১৫ ভাগ নির্ধারণ করা হয়। গত ৯ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলে দাম কমতে শুরু করে। কিন্তু গত কয়েকদিনে চালের দাম কেজিপ্রতি ২-৩ টাকা বাড়ছে। বর্তমানে স্বর্ণা জাতের চাল পাইকারিতে ৪০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা, আঠাশ জাতের চাল ৪৪ থেকে বেড়ে ৪৭ টাকা, শম্পা ৫৪ টাকা থেকে বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কেজিতে যা আরও ১-২ টাকা বাড়তি দামে বেক্রি হচ্ছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














