বস্তিবাসীর জন্য ডিএনসিসির বহুতল ভবন নির্মানের পরিকল্পনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৩ ১৯:২০:০৯
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর বস্তিবাসীর আবাসিক সমস্যা সমাধানে ডিএনসিসি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায়। ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য গাবতলীতে আবাসিক ভবনের পদক্ষেপ গ্রহণ করছে। একইভাবে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা যেতে পারে।
আজ শনিবার দুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২১ উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ভূমিকম্প ও অগ্নিকা- সচেতনতা মহড়ায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
এ সময় আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আমরা বড় বড় অট্টালিকা তৈরি করি, কিন্তু সেগুলোর কমপ্লায়েন্স মেনে চলি না। যারা বড় বড় ভবন তৈরি করছেন তাদের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে। মেয়র বলেন, আপনারা বিল্ডিং করবেন কিন্তু নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করবেন না, এটা হতে পারে না।
নিজস্ব অগ্নি নির্বাপন ও ফায়ার ড্রিল এর সার্টিফিকেট না থাকলে ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স দেয়া হবে না। যারা ভবন তৈরি করবেন তাদেরকেই ভবনের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














