পূর্ণাঙ্গ স্থলবন্দরে পরিণত হচ্ছে সিলেটের শেওলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৪ ১৪:৩৭:৩৭


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত শেওলা শুল্কস্টেশনকে ২০১৫ সালের ৩০ জুন স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। তবে এতদিন থেকে ঘোষণার মধ্যেই আটকে ছিল স্থলবন্দর প্রকল্পটির বাস্তবায়নের কাজ। শুল্কস্টেশনের অবকাঠামো, লোকবল নিয়েই চলছিল শেওলার কার্যক্রম। সেবাও ছিল আগের মতোই। অবশেষে শেওলাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শেওলা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পিত উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে পুরো দেশের চেহারা পাল্টে যাবে। অতীতের সরকারের অপরিকল্পিত উন্নয়ন ভাবনা এবং প্রকল্পে লুটপাটের কারণে আমরা ক্রমে পিছিয়ে যাচ্ছিলাম। এখন প্রতিটি প্রকল্প স্বচ্ছভাবে পরিচালিত হওয়ায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। দেশের মানুষের চাওয়া পূরণ করতে পেরেছি। মানুষ কী চায় তা জানার জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি। গ্রামীণ উন্নয়নে প্রতিনিয়ত নতুন প্রকল্প গ্রহণ করছি। গতি পেয়েছে ব্যবসা-বাণিজ্যও।

সানবিডি/এনজে