ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-১৫ ১৯:৩৩:৪০


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিষয়াবলী চূড়ান্ত করার লক্ষ্যে ঢাকা সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। আগামী ৪ মার্চ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শংকরের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক করার জন্য দুপক্ষ আলোচনা করছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি অংশ নেবেন। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হবে।’

এই সফরে নরেন্দ্র মোদির সফরের সময়ে আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন বলে জানান ওই কর্মকর্তা।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন। গত মাসে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি সফরের সময়ে জয়শংকরের ঢাকা সফরের বিষয়টি আলোচিত হয়।

সানবিডি/এনজে