ভোমরা স্থলবন্দরে ২১২ কোটি টাকা রাজস্ব ঘাটতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৮ ১৪:৩৪:৪৩
চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ স্থলবন্দর দিয়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আয় সাড়ে ১৬ কোটি টাকার বেশি বেড়েছে। তবুও পূরণ হয়নি লক্ষ্য। এ সময় লক্ষ্যের তুলনায় ২১২ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে ভোমরা স্থলবন্দর।
এ ব্যাপারে ভোমরা স্থলবন্দরের অফিসের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে এ স্থলবন্দর থেকে রাজস্ব আয় হয়েছিল ৪৫৫ কোটি ৫৩ লাখ টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে এ স্থলবন্দর থেকে রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭২ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে ভোমরা স্থলবন্দরে রাজস্ব আয়ের পরিমাণ বেড়েছে ১৬ কোটি ৬২ লাখ টাকা।
আগের অর্থবছরের একই সময়ের তুলনায় গত জুলাই-জানুয়ারি সময়ে ভোমরা স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ সাড়ে ১৬ কোটি টাকার বেশি বাড়লেও সেটা লক্ষ্যের তুলনায় কম ছিল। ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে এ স্থলবন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ৬৮৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে জুলাইতে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ এবং জানুয়ারিতে ১৩২ কোটি ৫৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














