মিল্ক ভিটার সদস্যদের ১৩২ কোটি টাকা সহায়তার প্রস্তাব
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২০ ১৪:২৪:৩০
মহামারি করোনা পরিস্থিতিতে অন্যান্য খাতের মতো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের দুগ্ধ খাতও।ওই সময় অতিমারীর কারণে টানা ছয় থেকে সাত মাস সমবায়ী খামারিদের উৎপাদিত সম্পূর্ণ দুধ সংগ্রহ করে বাজারজাত করতে পারেনি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন মিল্ক ভিটার ১ লাখ ৩২ হাজার ৬০৮ সদস্য।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহামারিতে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় একাধিক উদ্যোগ নিয়েছে সমবায় মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে আগামী এক বছর প্রতি লিটার দুধে ৫ টাকা করে ভর্তুকি দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮৪টি সমবায় সমিতির ৬ হাজার ১৬৮ জন দরিদ্র ও প্রান্তিক ক্ষতিগ্রস্ত সদস্যকে দুটি করে গাভী ক্রয়ের জন্য ৩ লাখ টাকা করে অনুদানও দেয়া হবে। এজন্য মিল্ক ভিটার অনুকূলে ১৩২ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রস্তাবটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে অর্থ মন্ত্রণালয়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














