ইতিহাস-ঐতিহ্য বজায় রেখে ভাষা চর্চার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০২-২১ ১৯:২৮:৩৭


দেশের ইতিহাস ও ঐতিহ্য বজায় রেখে ভাষার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ ফেব্রুয়ারি) ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে অনেকবার৷ কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ২০২১ সালের এই সম্মাননা পদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জাতীয় পর্যায়ে মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদানের স্বীকৃতিসরূপ এবারের এই সম্মাননা দেওয়া হয়েছে অধ্যাপক রফিকুল ইসলামকে।

আর জাতীয় পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতিসরূপ এই সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং লাতিন আমেরিকার আদি ভাষাগুলো নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস বাংলাদেশ সরকারের এই সম্মাননা পেয়েছে।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ দেওয়া হয়। প্রতি দুই বছর অন্তর জাতীয় ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে এই পদক দেয়া হবে।