চলতি অর্থবছরের ৮ মাসে ৩৩ শতাংশ বাজেট বাস্তবায়ন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৯ ১৪:২৩:৩৬


মহামারি করোনা পরিস্থিতির মধ্যেই চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি শেষে দেখা গেছে, সেখান থেকে সরকারের ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার ২৫ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম আট মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে মাত্র ৩৩ দশমিক ৪৫ শতাংশ।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের মার্চে দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকেই সব ধরনের উন্নয়নকাজে স্থবিরতা ছিল। এছাড়া সরকারও কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থছাড়ের ক্ষেত্রে কৃচ্ছ্র সাধনের নীতি নিয়েছে। তার পরও উন্নয়ন বাজেটে বরাদ্দের ৮৫ শতাংশ পর্যন্ত খরচ করার অনুমতি দেয় অর্থ বিভাগ। কিন্তু সে অনুযায়ী খরচ করতে পারছে না বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। তাই উন্নয়ন খাতে ব্যয় তুলনামূলক কম হয়েছে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে, যার প্রভাব পড়েছে বাজেট বাস্তবায়ন হারে। উন্নয়ন খাতে ব্যয়ের নয় মাসের তথ্য সংকলন হলেও বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে পাওয়া গেছে আট মাসের তথ্য।

সরকারে এই বাজেটের বড় অংশই ব্যয় হয়ে উন্নয়নকাজে। এজন্য প্রতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে ব্যয়ের একটি লক্ষ্য ঠিক করা থাকে। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৯ হাজার ২৭১ কোটি ৯৪ লাখ টাকা। কিন্তু এক্ষেত্রেও বাস্তবায়ন হার ভালো নয় এবার। গত মার্চ পর্যন্ত এডিপি থেকে ব্যয় হয়েছে ৮৭ হাজার ৭৩৪ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসেবে অর্থবছরের নয় মাসে এডিপি বরাদ্দের মাত্র ৪১ দশমিক ৯২ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে সরকার।

সানবিডি/এনজে