পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০১ ১৭:০৬:৫৮
রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গত রোববার (৩০ মে) সন্ধ্যায় বিজয় সরণিতে যানজটে আটকে থাকা অবস্থায় মন্ত্রী এ ছিনতাইয়ের কবলে পড়েন।
মঙ্গলবার (১ জুন) একনেক বৈঠক নিয়ে ব্রিফিং শেষে এনইসি সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।
“ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।”
পরিকল্পনামন্ত্রী বলেন, “গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।”
এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।
তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন মন্ত্রীর পিএস।
মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহসান খান বলেন, মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মিরপুর ও তেজগাঁও বিভাগ পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তকরণের কাজ চলছে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














