বাজেট অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-০২ ১৮:২৯:০৯
জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। বুধবার (২ জুন) বিকেলে ৫টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ হবে। এর আগে সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একাধিক দফা বিরতি দিয়ে ১২ কার্যদিবসের মতো অধিবেশন চলতে পারে।
সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, স্বাস্থ্য সুরক্ষায় সব নিয়ম মেনে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বরাবরের মতো এবারও রোস্টার করে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেবেন। প্রতি কার্যদিবসে উপস্থিতি সংখ্যা ১০০ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
এক্ষেত্রে একজন সংসদ সদস্য তিন থেকে চার কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। যোগদানের জন্য তাদের করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। একদিন করোনার টেস্টের নেগেটিভ ফলাফলের ভিত্তিতে পরপর দুদিন অধিবেশনে যোগ দেওয়া যাবে। ফলে সংসদে যোগদানের জন্য সংসদ সদস্যদের একাধিকবার নমুনা পরীক্ষার প্রয়োজন পড়বে।
অধিবেশনে তালিকাভুক্ত ৪৬ জন সাংবাদিক এবার উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ পেয়েছেন। তবে গণমাধ্যমকর্মীরা সাংবাদিক লাউঞ্জ ছাড়া অন্য কোথাও ঘোরাঘুরি করতে বা যেতে পারবেন না।
১২ কার্যদিবসে যা থাকছে
২ জুন বুধবার, ৩ জুন বৃহস্পতিবার, ৬ জুন রোববার, ৭ জুন সোমবার, এরপর বিরতি দিয়ে ১৪, ১৫, ১৬, ১৭ সোম থেকে বৃহস্পতিবার, ২৮, ২৯, ৩০ সোমবার থেকে বুধবার এবং ১ জুলাই বৃহস্পতিবার সংসদের বৈঠক বসবে।
২ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর শোকপ্রস্তাব, আলোচনাও গ্রহণ করা হবে। এরপর সংসদ মুলতবি হবে। পরদিন বিকেল ৩টায় বাজেট উত্থাপন ও অর্থ বিল উত্থাপন। এরপর থেকে প্রতিদিনের কার্যদিবস বেলা ১১টায় শুরু হবে।
৬ জুন রোববার কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট উত্থাপন (যদি থাকে), চারটি বিল উত্থাপন এবং সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। ৭ জুন সোমবার সম্পূরক বাজেটের আলোচনা ও পাস এবং নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস হবে।
এরপর ১৪, ১৫, ১৬, ১৬ ও ২৮ জুন মূল বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস, ৩০ জুন বুধবার মূল বাজেট পাস ও নির্দিষ্টকরণ বিল পাস, ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তরপর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাস এবং অধিবেশন সমাপ্তি হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। বিরোধী দলের শীর্ষ নেতারাও বক্তৃতা করবেন।
জানা যায়, বাজেট পেশের আগে ওইদিন দুপুর ১২টায় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার পর অর্থ বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কারণে রাষ্ট্রপতি সেদিন তার সংসদ ভবন কার্যালয়ে অবস্থান করবেন। এরপর বেলা ৩টায় অধিবেশন শুরু হবে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














