২০২১-২২ অর্থবছর
সংসদে ৬০৩৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা কাল
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০২ ২২:৫৬:১৬
চলমান মহামারি করোনার ছোবলে দেশের আমদানি-রফতানির পরিমাণ কমে যাওয়াসহ স্থানীয় উৎপাদন ও সরবরাহে স্থবিরতা নেমে আসে। এমন পরিস্থিতিতে সরকারের রাজস্ব আহরণে ধস নামে। যার প্রভাব আগামী ২০২১-২২ অর্থবছরেও অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মহামারী মোকাবেলায় সরকারের ব্যয় বাড়ছে। এছাড়া মহামারীর প্রভাব পড়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ (এডিপি) অন্যান্য খাতে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোও মনে করছে, এসব খাতে পর্যাপ্ত পরিমাণে ব্যয় করতে পারেনি তারা। আগামী অর্থবছরেই এ ঘাটতি পূরণ করে নিতে চায় এসব মন্ত্রণালয় ও বিভাগ। এমন বাস্তবতা মেনে নিয়ে আয় নয়, বরং ব্যয়ের দিকে নজর বাড়িয়ে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার আগামী বাজেট চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
নতুন অর্থবছরের বাজেটে আয় ও ব্যয়ের ব্যবধান বেড়ে প্রথমবারের মতো ঘাটতি দাঁড়িয়েছে জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৬ দশমিক ২ শতাংশ। টাকার অংকে যা ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী অনুদান পাওয়া গেলে ঘাটতি দাঁড়াবে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা, যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপির আকার ধরা হচ্ছে ৩৪ লাখ ৫৬ হাজার ৪০ কোটি টাকা। চলতি বাজেটে যা ছিল ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। তবে পরে সংশোধিত বাজেটে এটিকে কমিয়ে ধরা হয় ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। আগামীকাল জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসব তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














