১০ বছরের কর অব্যাহতি পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-০৩ ১৭:৩০:৩৬


‘মেড ইন বাংলাদেশ’ ব্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত পণ্যে ১০ বছর কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবে বলা হয়, ‘‘দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানির বিকল্প শিল্পোৎপাদনকে ত্বরান্বিত করার স্বার্থে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাংলাদেশে অটোমোবাইল-থ্রি হুইলার এবং ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি এবং আরও কিছু শর্ত সাপেক্ষে আরও ১০ বছর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।’’

তিনি বলেন, ‘এ ছাড়া কতিপয় হোম অ্যাপ্লায়েন্সেস ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে ১০ বছর মেয়াদি কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এ প্রস্তাব কার্যকর হলে দেশীয় উৎপাদকেরা উৎসাহিত হবে।’

সানবিডি/এএ