বাজেটের পর আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের মূল্য
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৭ ১১:৪৪:১১
সর্বসাধারনে প্রত্যাশা ছিল ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবের পর অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যের মুল্য কিছুটা কমবে। অস্বস্তিতে থাকা মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরবে। হলো ঠিক উল্টোটা।
গত বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উত্থাপন করেন। বাজেটে চাল, ডাল, তেলের ওপর নতুন করে কর আরোপ করেননি। কিন্তু বাজারে চাল-ডাল, আটা-ময়দা, পেঁয়াজ-রসুন এবং ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে।
সোমবার (৭ জুন) রাজধানীতে চালের দাম বেড়েছে কেজিপ্রতি দুই টাকা থেকে ৪ টাকা। আটা-ময়দার দাম বেড়েছে কেজিপ্রতি দুই টাকা। পেঁয়াজ-রসুনের দাম বেড়েছে ৫-১০ টাকা কেজি। একইভাবে বেড়েছে গরুর মাংস, মাছ এবং মুরগির ডিমের দাম।
অন্যদিকে বাজেট ঘোষণার পর মুড়ি, সাবান, ব্রয়লার মুরগি, সিলিন্ডার গ্যাস ইত্যাদি পণ্যের দাম কমার কথা থাকলেও কোনো পণ্যের দাম কমেনি বলে জানিয়েন ব্যবসায়ীরা। তারা বলছেন, এগুলো আগের কেনা। ফলে আগের দামেই বিক্রি করছি। নতুন দামে যখন কিনব তখন নতুন দামে বিক্রি করব।
রাজধানীর মালিবাগ, শান্তিনগর এবং সেগুনবাগিচা কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, ভালো মানের নাজির শাইল চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬২ টাকা কেজিতে। বাজেটের আগে এই চাল বিক্রি হয়েছে ৫৮-৬০ টাকা কেজিতে। ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকা কেজিতে। এই চালটিও বাজেটের আগে বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকা কেজিতে। একইভাবে ২৮ ও ২৯ ধানের চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজিতে। এই চাল ৫০-৫২ টাকা কেজি বিক্রি হতো। এছাড়াও ৪৬-৪৭ টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা পাইজম চাল এখন বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজিতে।
বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাজেটে তো নিত্যপণ্যের দাম বাড়ানো হয়নি। বরং কৃষিপণ্য এবং খাদ্যপণ্যের বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। তারপরও কেন এসব পণ্যের দাম বাড়ছে তা সরকারের বাজার মনিটরিং টিমের খতিয়ে দেখা উচিৎ। মহামারির দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকা উচিৎ বলে জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














