বঞ্চিত হয়েছে গার্মেন্টস ‍অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্প

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৮ ১৫:১৮:০৯


আসন্ন ২০২১-২২ অর্থবছরের জন্য ব্যবসাবন্ধব বাজেট ঘোষণা করা হলেও প্রতিবারের মতো এবারো শতভাগ রফতানিমুখী ক্ষুদ্র ও মাঝারি প্রকৃতির গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্প খাতটি তার কাঙ্ক্ষিত প্রাপ্তি হতে বঞ্চিত হয়েছে। বাজেট প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

এ ব্যাপারে বিজিএপিএমইএ জানায়, এটি একটি শতভাগ রফতানিমুখী খাত। জাতীয় রফতানি নীতি, বস্ত্রনীতি ও শিল্পনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষ রফতানিকারকদের জন্য সমসুযোগের বিধান নির্ধারিত হলেও এ খাত কোনো সময়ই সমসুবিধাপ্রাপ্ত হয়নি।

বিজিএপিএমইএ জানায়, বাজেটে করপোরেট ট্যাক্স অন্যান্য রফতানিকারক খাতের ন্যায় ১০-১২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করলেও ঘোষিত বাজেটে তা পূর্বের ৩২ দশমিক ৫ শতাংশ হতে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকট উত্তরণের লক্ষ্যে করপোরেট ট্যাক্স সবুজ কারখানার জন্য ১২ শতাংশ এবং অন্যান্য কারখানার জন্য ১৫ শতাংশ নির্ধারণের সংশোধিত প্রজ্ঞাপনের আবেদন জানায় সংগঠনটি। পাশাপাশি উৎসেকর শূন্য দশমিক ৫০ শতাংশ হতে শূন্য দশমিক ২৫ শতাংশে ধার্য করে প্রজ্ঞাপনের আবেদনও জানায় তারা।

সানবিডি/এনজে