ঢাকায় পৌঁছেছে চীনের টিকা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-১৩ ১৯:২৩:১৯
চীন থেকে পাঠানো সিনোফার্মার তৈরি উপহারের ছয় লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রবিবার (১৩ জুন) বিকাল ৫টার পর বিমানবাহিনীর দুটি উড়োজাহাজে করে এই টিকা ঢাকায় এসে পৌঁছায় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
এরপর টিকা কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়। বাংলাদেশ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগ পর্যন্ত এসব টিকা সংরক্ষণ করা হবে।
এর আগে সকাল ১০টায় টিকা নিয়ে দুটি সি-১৩০জে বিমান ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এর আগে টিকা আনতে শনিবার রাতে চীন যায় বিমান বাহিনীর দুটি সি-১৩০জে পরিবহন বিমান।
চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।
গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।
পরে চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।
প্রসঙ্গত, এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
এর আগে শনিবার (১২ জুন) টিকা আনার জন্য দুটি বিমান চীনে পাঠানো হয়।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














