কোনোভাবেই সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান কিনবে না: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-১৫ ১৮:০৪:৪৩
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনোভাবেই সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান কিনবে না। প্রকৃত কৃষকের ধান কেনাই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। মঙ্গলবার (১৫ জুন) সচিবালয়ে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১’ অভিযান রাজশাহী ও রংপুর বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন খাদ্যমন্ত্রী।
মিলাররা যেন নির্ধারিত সময়ে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেন, তা নিশ্চিত করতে তিনি খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান। আগামী ৩০ জুনের মধ্যে সংগ্রহ লক্ষ্যের ৭৫ শতাংশ অর্জন করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে খাদ্য অধিদফতর ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। যে কোনও দুর্যোগে সংগৃহীত এ খাদ্যশস্য মূল ভূমিকা রাখে।’
ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া কেউ যেন খাদ্য মজুত না করে, সেটি মনিটরিং করতে হবে। পাশাপাশি মিলাররা কেনও চাল দিচ্ছে না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী ।
তিনি বলেন, ‘বোরো সংগ্রহের ব্যর্থতায় কোনও অজুহাত চলবে না। যারা ইতোমধ্যে সংগ্রহ অভিযানে লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছেন, তাদের নতুন করে বরাদ্দ দেওয়া হবে।’ একই সঙ্গে যাদের অগ্রগতি সন্তোষজনক নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদফদরের রাজশাহী ও রংপুর বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














