এখন ঋণ নিচ্ছি বেশিদিন বাকি নেই আমরা ঋণ দেব
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-১৬ ১৬:২২:১২
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এখন ঋণ নিচ্ছি বেশিদিন বাকি নেই আমরা ঋণ দেব। বুধবার (১৬ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।
শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, যদি ঋণ দেওয়া হয় তবে সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে। ঋণ দিয়ে প্রতিবেশী দেশকে যদি সাহায্য করতে পারি এটা খারাপ না, এটা ভালো। আমরা যে টাকা ঋণ হিসেবে দেব তার চেয়ে ভালো রিটার্ন পাব।
বিদেশে টাকা পাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে নতুন আইন হচ্ছে। টাকা পাচাররোধে ১৪টি আইন আসছে। তবে তার আগে আমাদের জানতে হবে কেন টাকা পাচার হচ্ছে। সিস্টেম দিয়ে জানতে হবে এটা কেন হচ্ছে। তার আগে জানতে হবে এটা কারা করছে। আমরা ডিজিটাল পদ্ধতিতে এটা রোধ করার ব্যবস্থা করব। তার আগে টাকা পাচার বন্ধের জন্য সুযোগ সৃষ্টি করব।’
মুস্তফা কামাল আরো বলেন, এটা দুটি কারণে হতে পারে। তার মধ্যে একটা কারণে হতে পারে দেশে বিনিয়োগের ব্যবস্থা নেই। আমরা দেশে বিনিয়োগের ব্যবস্থা করব। তারা যদি দেশেই লাভবান হতে পারে তবে টাকা পাচার করবে না। আরেকটা কারণ হতে পারে এদের চারিত্রিক বৈশিষ্ট্যই টাকা পাচার করা। ওদেরকেও আমরা ডিজিটালি ট্র্যাক করে সিস্টেমের মধ্যে নিয়ে এসে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। আমরা দেখেছি কীভাবে টাকা পাচার হয়।
খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি বাংলাদেশ ব্যাংক থেকে আগে তথ্য সংগ্রহ করব। এর পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














