২০২০-২১ অর্থবছর

ভোমরায় ২৬৭ কোটি টাকা রাজস্ব ঘাটতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৮ ০৮:৪৫:২৮


সাতক্ষীরায় অবস্থিত ভোমরা স্থলবন্দরে চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৭২৭ কোটি ৭০ লাখ টাকা। এর ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ২৬৭ কোটি ৬ লাখ টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তবে গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪৮ কোটি ৪২ লাখ টাকা বেশি আদায় হয়েছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা। চলতি অর্থবছর রাজস্ব ঘাটতির কারণ বৈশ্বিক মহামারীকেই অন্যতম হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ভোমরা শুল্কস্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯৮৬ কোটি ২ লাখ টাকা। এরমধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ, জানুয়ারিতে ১৩২ কোটি ৫৫ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৫ কোটি ২৭ লাখ ও মার্চে ১৪৬ কোটি ১৯ লাখ টাকা। তবে গেল অর্থবছরের এপ্রিল ও মে মাসে করোনার জন্য বন্দর বন্ধ থাকায় কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি এনবিআর।

এ সময় তিনি আরো জানান, গেল ১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৭২৭ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগস্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টোবরে ৭২ কোটি ১৯ লাখ, নভেম্বরে ৭৩ কোটি ৪৬ লাখ, ডিসেম্বরে ৯৩ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৭৮ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারিতে ৮৮ কোটি ১২ লাখ, মার্চে ৮০ কোটি ৫৩ লাখ, এপ্রিলে ৬০ কোটি ৭২ লাখ ও মে মাসে ২৬ কোটি ৭ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৬৭ কোটি ৬ লাখ টাকা ঘাটতি।

বন্দরসংশ্লিষ্ট এক সূত্র জানান, গেল ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে এ বন্দরে ৫৭৯ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়। সে হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের গত মে মাস পর্যন্ত ১৪৮ কোটি ৪২ লাখ টাকা বেশি আদায় হয়েছে।

সানবিডি/এনজে