১১ মাসে রাজস্ব ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৯ ০৯:৩২:৩২


মহামারি পরিস্থিতিতে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। করোনার প্রভাবে রাজস্ব আহরণের গতি শ্লথ হয়ে পড়লে লক্ষ্যমাত্রা ২৯ হাজার কোটি টাকা কমানো হয়। তবে সংশোধিত এ লক্ষ্যমাত্রা থেকেও পিছিয়ে পড়েছে রাজস্ব আহরণ। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব আহরণে ঘাটতি ৪৪ হাজার ৩৬১ কোটি টাকা ছাড়িয়েছে। করোনার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রয়োজনীয় সংস্কার না হওয়াকে রাজস্ব আহরণে ঘাটতির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এনবিআরের সর্বশেষ রাজস্ব আহরণ অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদনে (সাময়িক) দেখা গেছে, সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছর ৩ লাখ ১ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে। সে হিসেবে অর্থবছরের প্রথম ১১ মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ১১৭ কোটি ৫৪ লাখ টাকা। এ সময়ে আহরণ হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৫৬ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতির পরিমাণ ৪৪ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে সাড়ে ২৯ হাজার কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ।

সানবিডি/এনজে