অবৈধ জাটকা নিধন
বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা ক্ষতি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২০ ০৯:৫৬:০৭
কঠোর ভাবে নিষেধ থাকারও পরও প্রতিবছর ব্যাপকভাবে জাটকা নিধন করা হয়।প্রশাসনের কড়া নজরদারি আর জেলেদের বিকল্প সহযোগিতা করার পরও জাটকা ধরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। জাটকা নিধনে প্রতি বছর আর্থিক ক্ষতি ৫ হাজার ৮৯০ কোটি টাকা। জাটকা নিধন একটি নির্দিষ্ট মাত্রায় কমিয়ে আনা সম্ভব হলে ইলিশ উৎপাদন সাত লাখ টনে উন্নীত করা সম্ভব।
শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: ইলিশ উৎপাদনে গৌরবোজ্জ্বল অর্জন ও জাটকা সুরক্ষা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উপস্থাপন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম।
এ সময় শ ম রেজাউল করিম বলেন, গবেষণালব্ধ ফলাফল ইলিশের সহনশীল উৎপাদনে ভূমিকা রাখবে। বিএফআরআইয়ের গবেষণা থেকে অভয়াশ্রম প্রতিষ্ঠা ও নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখায় ইলিশের প্রজনন সফলতা এসেছে। সর্বশেষ ২০২০ সালে ২২ দিন নিষিদ্ধকালে ইলিশের প্রজনন হার ৫১ দশমিক ২ শতাংশ নিরূপণ করা হয়েছে। গবেষণায় নতুন নতুন দিগন্ত উন্মোচনে মৎস্যবিজ্ঞানীদের কাজ করতে হবে। গবেষণা হতে হবে মানুষের কল্যাণে, দেশের স্বার্থে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














