স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২০ ২০:৩৪:২৩
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়ে সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। কমিটির বৈঠকে তাকে ডাকা হলেও উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিটি। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়।
রোববার ( ২০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) এবং মো. আমিরুল আলম মিলন অংশ নেন।
জানা যায়, বৈঠকে কোভিড-১৯ মহামারি শুরুর পর এখন পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট কেনা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, ভ্যাকসিন জি-টু-জি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবিলায় আইসিউ ও অক্সিজেনের বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সংকট থেকে উত্তরণ নিয়ে আলোচনা করা হয়। তবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করলেও ডিজি বৈঠকে উপস্থিত ছিলেন না।
বৈঠক শেষে কমিটির সদস্য মো. আমিরুল আলম মিলন বলেন, পৃথিবীজুড়েই করোনা মহামারি চলছে। বৈঠকে এসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ছিলেন না। এটা কিভাবে হয়? তাই বৈঠকে ডিজি না আসায় এমপিরা ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন এ ব্যাপারে বক্তব্য দেয়ার পর কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














