এক হাজার কোটি টাকা ব্যয়ে ১৫ ক্রয় প্রস্তাবে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৩ ১৭:২৪:৫১


১ হাজার ৩৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ১৫টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এবারের সভায় বেশ কয়েকটি পুরনো প্রকল্পে কাজ বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ও প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৮তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগের ১০টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি, রেলপথ মন্ত্রণালয়ের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি, জননিরাপত্তা বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১,০৩৯ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।

তিনি বলেন, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৬৩৫ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৩৩২ টাকা এবং বিশ্বব্যাংক, এডিবি, এএফডি, ইআইবি এবং ডানিডা হতে ঋণ ৪০৩ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৫৩৬ টাকা। অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তথ্য জানাবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

অতিরিক্ত সচিব বলেন, ২০২০-২১ অর্থ বছরে খাদ্যশস্যের নিরাপত্তা মজুদ সুসংহত করার লক্ষ্যে ৫০ হাজার মে.টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহবান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে যার সবগুলি রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স ভাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড,ইন্ডিয়ার কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৯৯.৯০ মা.ডলার হিসেবে সর্বমোট ১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৬৯ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকা।

‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর-ডাব্লিউপি-১ এর পূর্ত কাজ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার ১৩৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং- ডাব্লিউপি-২ এর পূর্ত কাজ ভেরিয়েশন বাবদ ব্যয় ৯ কোটি ৫১ লাখ ১৬ হাজার ৫২৩ টাকা হ্রাস করে সংশোধিত ১২৭ কোটি ৭৫ লাখ ১ হাজার ৪৯৪ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

‘সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ” প্রকল্পের প্যাকেজ নং-SPIP-W-3 এর আওতায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন টার্ন-কী পদ্ধতিতে ৩৫৫ সেট সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাবে বাস্তবায়নের জন্য বেঙ্গল সোলার, পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং জার্মানির আরএএসিএইচ কোম্পানির নিকট থেকে ৪০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার ৬৯১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক “সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ” প্রকল্পের প্যাকেজ নং- এসপিপি ডাব্লিউ ৪ এর আওতায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন টার্ন-কী পদ্ধতিতে ৩৪৫ সেট সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাবে বাস্তবায়নের বেঙ্গল সোলার, পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং জার্মানির আরএএসিএইচ কোম্পানির নিকট থেকে ৪০ কোটি ৫৯ লাখ ৪ হাজার ১৪৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

“সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ” প্রকল্পের প্যাকেজ নং- এসপিআইপি ডাব্লিউ-৫ এর আওতায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির অধীন ৩৪৫ সেট সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাব বাস্তবায়নের জন্য বেঙ্গল সোলার, পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং জার্মানির আরএএসিএইচ কোম্পানির নিকট থেকে ৪০ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার ৯৯৫ টাকায়ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক “সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ” প্রকল্পের প্যাকেজ নং- নং-৬ এর আওতায় গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা-২ এবং ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির অধীন টার্ন-কী পদ্ধতিতে ২৫০ সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন কাজ যৌথভাব বাস্তবায়নের জন্য বেঙ্গল সোলার, পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড এবং জার্মানির আরএএসিএইচ কোম্পানির নিকট থেকে ৩৪ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

“পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সংশোধিত প্রকল্পের লট নং ০০১ এর ২৮টি উপকেন্দ্রের ৫ ফুট উচ্চতা বিশিষ্ট বাউন্ডারি ওয়াল, ৩ ফুট উচ্চতা বিশিষ্ট বারবেড ওয়্যার ফেন্সিং ও মেইন গেইট নির্মাণ এবং ২টি উপকেন্দ্র ও ১টি বে-সম্প্রসারণ নির্মাণ কাজ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৫ কোটি ৮৭ লাখ ৭ হাজার ২৫ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক “পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সংশোধিত প্রকল্পের লট নম্বর ২ এর ১৮টি উপকেন্দ্রের ৫ ফুট উচ্চতা বিশিষ্ট বাউন্ডারি ওয়াল, ৩ ফুট উচ্চতা বিশিষ্ট বারবেড ওয়্যার ফেন্সিং ও মেইন গেইট নির্মাণ এবং অতিরিক্ত ১টি উপকেন্দ্র নির্মাণ কাজ বাবদ অতিরিক্ত ৯ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৮৬৪ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক “পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সংশোধিত প্রকল্পের লট ২৭টি উপকেন্দ্রের ৫ ফুট উচ্চতা বিশিষ্ট বাউন্ডারি ওয়াল, ৩ ফুট উচ্চতা বিশিষ্ট বারবেড ওয়্যার ফেন্সিং ও মেইন গেইট নির্মাণ এবং অতিরিক্ত ২টি উপকেন্দ্র নির্মাণ কাজ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৫ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৯৬ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

“পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সংশোধিত প্রকল্পের লট নং-৪ এর ১৮টি উপকেন্দ্রের ৫ ফুট উচ্চতা বিশিষ্ট বাউন্ডারি ওয়াল, ৩ ফুট উচ্চতা বিশিষ্ট বারবেড ওয়্যার ফেন্সিং ও মেইন গেইট নির্মাণ এবং অতিরিক্ত ১টি উপকেন্দ্র ও বে-সম্প্রসারণ নির্মাণ কাজ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৩ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৬৩৩ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সংশোধিত প্রকল্পের লট নম্বর-৫ এর ১৯টি উপকেন্দ্রের মেইন গেইট নির্মাণ এবং অতিরিক্ত ১টি উপকেন্দ্র নির্মাণ কাজ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৬ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৯৪৯ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

‘পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সংশোধিত প্রকল্পের ১টি সুইচিং স্টেশন ও ৪৬টি বে-সম্প্রসারণ নির্মাণ ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৬ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ২০৬ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সানবিডি/এএ