সরকারি কর্মকর্তাদের জন্য ভবন নির্মাণে ৬ প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৬ ১৯:২২:১৬


৯৪৪ কোটি ১২ লাখ ২২ হাজার ৯৩৬ টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণে ছয়টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রাজধানীর আজিমপুরে সরকারি কলোনির মধ্যে এসব ভবন নির্মাণ করা হবে।

শনিবার (২৫ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও ২৩তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভায় অর্থনৈতিক সংক্রান্ত একটি ও ক্রয় সংক্রান্ত ১৬টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

অতিরিক্ত সচিব জানান, ‘ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির ভেতরে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ (জোন-এ)’ প্রকল্পের প্যাকেজ নং ডাব্লিউ-৩-এর পূর্ত কাজ ১৪৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৩৪৪ টাকায় বঙ্গ বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এখানে মোট ১৫২টি ফ্ল্যাট তৈরি করা হবে।

এছাড়া একই প্রকল্পে যার প্যাকেজ নং ডাব্লিউ-৪-এর পূর্ত কাজ ১৪৬ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১৭২ টাকায় বঙ্গ বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৫২ ফ্ল্যাট তৈরি করা হবে।

মো. সামসুল আরেফিন আরও জানান, জোন-এ প্রকল্পের প্যাকেজ নং ডাব্লিউ-৮-এর পূর্ত কাজ ১৬৭ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ১৮৯ টাকা ব্যয়ে নূরানি কন্সট্রাকশন লিমিটেডের কাছ থেকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৫২ ফ্ল্যাট তৈরি করা হবে।

এছাড়া ডাব্লিউ-৯-এর পূর্ত কাজ ১৬৫ কোটি ৪১ লাখ ২৪ হাজার ৭৯৯ টাকা ব্যয়ে নূরানি কন্সট্রাকশন লিমিটেডের কাছ থেকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সামসুল আরেফিন আরও জানান, সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ (জোন-এ) প্রকল্পের প্যাকেজ নং ডাব্লিউ-৭-এর পূর্ত কাজ ১৬২ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৩৬৬ টাকা ব্যয়ে ওয়াহিদ কন্সট্রাকশন লিমিটেডের কাছ থেকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৫২ ফ্ল্যাট তৈরি হবে। আর একই প্রকল্প যার প্যাকেজ নং ডাব্লিউ-৬-এর পূর্ত কাজ ১৫৬ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৬৬ টাকা ব্যয়ে ওয়াহিদ কন্সট্রাকশন লিমিটেডের কাছ থেকে ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। সেটি হলো- খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক রাশান ফেডারেশন হতে জি-টু-জি (সরকার-টু-সরকার) ভিত্তিতে ডিপিএম (সরাসরি ক্রয় পদ্ধতি) ২ লাখ মেট্রিক টন গম ক্রয় এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণে ৩ লাখ মেট্রিক টন গম আমদানির ক্ষেত্রে দরপত্র দাখিলের সময়সীমা, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সানবিডি/এএ