কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৭ ১৬:২০:৫৮
সময়মতো উৎপাদনে না আসায় সরকার কয়লাভিত্তিক ১০টি পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রোববার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা এসেছে। নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এর অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ১০টি কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা সময়মতো উৎপাদনে আসতে পারেনি।’
বাতিল হওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- পটুয়াখালী ২×৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গ এক হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্লান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।
এ ছাড়া খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সিপিজিসিবিএল-সুমিতোমো এক হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।
এসব বিদ্যুৎকেন্দ্র বাতিল হওয়ায় কোনো প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলো থেকে যে বিদ্যুৎ পাবো তা দিয়েই ২০৩০ পর্যন্ত চাহিদা মিটবে৷ ফলে বাতিল প্রকল্পগুলোর তেমন প্রভাব পড়বে না৷ এ ছাড়া নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে চূড়ান্ত ধাপে রয়েছি।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














