সীমান্ত বন্ধ আরও ১৪ দিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৮ ১৯:৫৬:৩০


প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ অব্যাহত থাকায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ দেশটির সঙ্গে আগামী ১৪ জুলাই পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ থাকবে।

সোমবার (২৪ জুন) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আজ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু সীমান্ত দিয়ে প্রবেশ করা যাবে।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর করোনা পরিস্থিতি এখন বাড়তির দিকে। যে কারণে এখনই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাই আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়।

ত‌বে সীমান্ত বন্ধ থাকলেও প্রথম দফায় দেশ‌টি‌তে আটকেপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হয়। এখনো একই নিয়মে দেশে ফিরতে পারছেন বাংলাদেশিরা।

সীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলা‌দে‌শিরা। পরে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর দিয়েও ফেরার সুযোগ দেয় সরকার। এরপর সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রকোপ বাড়ায় সোনামুখী বন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধ করে সরকার।

তবে করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।

সানবিডি/এএ