বেজা ও প্রাইস ওয়াটার হাউস কুপার্সের চুক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৯ ২০:৩৮:০৫


বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ‘আইসিটি রোডম্যাপ’ তৈরির জন্য প্রাইস ওয়াটার হাউস কুপার্স প্রাইভেট লিমিটেডকে (পিডব্লিউসি) পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। মঙ্গলবার সকালে বেজা সদর দপ্তরের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান জনাব পবন চৌধুরী।

চুক্তি অনুসারে, যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স প্রাইভেট লিমিটেড আগামী ছয় মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জন্য ‘আইসিটি রোডম্যাপ/অ্যাকশন প্ল্যান’ প্রণয়ন করবে এবং ‘এক্সপেরিয়েন্স সেন্টার ডিজাইন’ তৈরি করবে। এই কনসালটেন্সি সেবার চারটি অংশ থাকবে। প্রথমত, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরকে ‘স্মার্ট সিটি’তে রূপান্তরের জন্য ‘আইসিটি রোডম্যাপ’ এর কৌশল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ উপাদানসমূহ চিহ্নিত করা হবে। দ্বিতীয়ত, ‘অ্যানালিটিক্স ড্রিভেন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ এর জন্য নানাবিধ গবেষণা পরিচালনা করবে পরামর্শক প্রতিষ্ঠানটি। তৃতীয়ত, ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় উপাদান চিহ্নিত করা ও লে-আউট প্রণয়ন করা হবে। চতুর্থত, ‘ইকোনোমিক জোন এক্সপেরিয়েন্স সেন্টার’ এর নকশা তৈরি এবং তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করবে পিডব্লিউসি।

সভাপতির বক্তব্যে জনাব পবন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজা কাজ করছে। তিনি বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বেজা বদ্ধপরিকর। প্রযুক্তির যথাযথ ব্যবহারে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হবে জানিয়ে পবন চৌধুরী বলেন, আজকের দিনে ডিজিটাল বাংলাদেশ যেখানে বাস্তবতা, সেখানে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশ্বমানের প্রযুক্তির সন্নিবেশ ঘটানোর কোন বিকল্প নেই।

প্রাইস ওয়াটার হাউস কুপার্সকে এর পার্টনার অরিজিৎ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পরিকল্পনা সত্যিই বিস্ময়কর। বেজার মতো একটি বহুমাত্রিক সংস্থার সাথে কাজ করতে পেরে পিডব্লিউসি আনন্দিত জানিয়ে তিনি বলেন, তথ্য-প্রযুক্তি খাতে সর্বাধুনিক সেবার প্রচলনের মাধ্যমে অদূর ভবিষ্যতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই শিল্পনগরী।

চুক্তিপত্রে বেজার পক্ষে স্বাক্ষর করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ব্যবস্থাপক (উপ-সচিব) জনাব আবদুল আলিম খান এবং প্রাইস ওয়াটার হাউস কুপার্সের পক্ষে সংস্থাটির পার্টনার অরিজিৎ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও প্রাইস ওয়াটার হাউস কুপার্স-বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুন্ড ও মীরসরাই উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এখানে ২৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে নির্মিত হয়েছে শেখ হাসিনা সরণি, দেশের সর্বপ্রথম সুপারডাইক, প্রতিষ্ঠিত হয়েছে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহের কাজ। এ শিল্পনগরে মাধ্যমে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সানবিডি/এএ