ইডিএফের তহবিল এখন ৬০০ কোটি ডলার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-৩০ ১৪:২১:৩১


দেশের রফতানিকারকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ‘রফতানি উন্নয়ন তহবিল’ বা ইডিএফে আরো ৫০ কোটি ডলার যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ অর্থ ইডিএফ ফান্ডে দেয়া হয়েছে। নতুন করে দেয়া ৫০ কোটি ডলার যুক্ত হওয়ায় ইডিএফ তহবিলের আকার ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এ তহবিলের পরিমাণ প্রায় ৫১ হাজার কোটি টাকা।এ তথ্য নিশ্চিত করেছেন  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ।

মহামারি করোনাসৃষ্ট অর্থনৈতিক রফতানিকারকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইডিএফের আকার তিন দফায় বাড়ানো হয়েছে। সরকারের প্রত্যাশা অনুযায়ী, গত বছরের এপ্রিলে ইডিএফের আকার ৩ দশমিক ৫০ বিলিয়ন থেকে বাড়িয়ে ৫ বিলিয়নে উন্নীত করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুদহার কমিয়ে আনা হয় ১ দশমিক ৭৫ শতাংশে। এরপর চলতি বছরের মার্চে ইডিএফ তহবিলে আরো ৫০ কোটি ডলার যুক্ত করা হয়। এবার আরো ৫০ কোটি ডলার যুক্ত করে ইডিএফ তহবিলের আকার ৬ বিলিয়ন ডলারে উন্নীত করা হলো।

সানবিডি/এনজে