পোশাক কারখানাগুলোতে তিতাসের দেড়শ কোটি টাকা বিল পাওনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০১ ১২:৪৪:০৬
দেশের তৈরি পোশাক প্রস্ত্ততকারক ২৪৪টি কারখানার কাছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিডেটের বকেয়া বিলের পরিমাণ ১৪২ কোটি ৮১ লাখ ৪৬ হাজার টাকা। চলতি বছরের মে পর্যন্ত কারখানাগুলোর কাছে এ পরিমাণ বকেয়া জমেছে।
এ ব্যাপারে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, অতিমারী নভেল করোনা ভাইরাসের বিরূপ প্রভাবে পোশাক শিল্প মালিকরা আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যেই দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলে আসায় বকেয়া পরিশোধ করা সম্ভব হয়নি।
এদিকে তিন মাসের বেশি বকেয়া পরিশোধ করা না হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কথা উল্লেখ করে তিতাসের পক্ষ থেকে বিজিএমইএকে সতর্ক করা হয়। তিতাসের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়, বিজিএমইএর সদস্যভুক্ত ২৪৪টি প্রতিষ্ঠানের কাছে তিতাসের প্রায় ১৪৩ কোটি টাকা বকেয়া বিল পাওনা আছে। যথাসময়ে বকেয়া বিল পরিশোধ করা না হলে প্রতিষ্ঠানগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপও নেয়া হতে পারে।
তিতাসের তাগাদা পাওয়ার পর বিজিএমইএর নেতারা এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে তিতাসের কাছে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে কভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বকেয়া পরিশোধের জন্য কারখানা মালিকদের আরো কিছুদিন সময় দেয়ার আবেদন করেন পোশাক শিল্প মালিক-নেতারা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














