বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০১ ২০:১০:৩৯
চলতি বছরের জুনে মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ কোটি ১১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৫২৯ বোতল ফেনসিডিল, ১২ হাজার ২০১ বোতল বিদেশি মদ, এক হাজার ৯৩২ ক্যান বিয়ার, এক হাজার ৫৩৪ কেজি গাঁজা, ১০ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, আট হাজার ৭৯৮টি উত্তেজক ইনজেকশন, পাঁচ হাজার ১৭২টি ইস্কাফ সিরাপ, ১৩ হাজার ৩০২টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৪১ হাজার ৯৩৭টি অন্যান্য ট্যাবলেট।
এতে আরও বলা হয়, জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১০৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৮৫০ গ্রাম রূপা, ৪৫ হাজার ৫৩১টি কসমেটিক্স সামগ্রী, ১২ হাজার ৯১৬টি ইমিটেশন গহনা, এক হাজার ৮৫০টি শাড়ি, ৪১৫টি থ্রিপিস বা শার্টপিস, তিন হাজার ২০৬ ঘনফুট কাঠ, ছয় হাজার ৩৬০ কেজি চা পাতা, ছয় হাজার ৬৫০ কেজি কয়লা, পাঁচটি ট্রাক বা কাভার্ডভ্যান, একটি প্রাইভেটকার বা মাইক্রোবাস, চারটি পিকআপ, ১৮টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ১০০টি মোটরসাইকেল।
এতে আরও বলা হয়, উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রিভলভার, একটি বন্দুক, চারটি ম্যাগজিন, এক কেজি গান পাউডার এবং ১৬ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৩৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৪৫ জন বাংলাদেশি ও চার ভারতীয় নাগরিককে আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














