ভ্যাটের ৩৩ লাখ টাকা জমা দিল টেপটেলস রেস্টুরেন্ট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০৬ ২০:৫৭:০৭
ভ্যাট গোয়েন্দার অভিযানের পর রাজধানীর বনানীর টেপটেলস রেস্টুরেন্ট ক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে কেটে রাখা ৩৩ লাখ টাকা ভ্যাট সরকারের কোষাগারের জমা দিয়েছে।
ভ্যাট গোয়েন্দাদের তদন্তে উদ্ঘাটিত এই ভ্যাট রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ জুলাই) জমা দিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি আবেদন করে নতুন ভ্যাট নিবন্ধন নিয়েছে।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, টেপটেলস রেস্টুরেন্ট বনানীর কামাল আতাতুর্ক রোডে অবস্থিত। রেস্টুরেন্টটি ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে ব্যবসা করে আসছিল এবং ক্রেতার কাছ থেকে ভুয়া চালান ইস্যুর মাধ্যমে ১৫ শতাংশ হারে ভ্যাট সংগ্রহ করলেও তা সরকারি কোষাগারে জমা দেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার সহকারী পরিচালক মুনাওয়ার মুরসালীন ১৫ জুন অভিযান পরিচালনা করেন।
ভ্যাট গোয়েন্দার তদন্তে দেখা যায় যে, টেপটেলস রেস্টুরেন্টটির প্রতিটি খাবারের বিলে ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাপ্লাইড হিসেবে উল্লেখ রয়েছে এবং এতে ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে রাখা হয়েছে। অথচ এই ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করেনি রেস্টুরেন্টটি।
ভ্যাট আইন অনুসারে, যেকোনো ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর পূর্বেই যথাযথভাবে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যু করতে হবে। একইসঙ্গে মাসশেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সংগৃহীত ভ্যাট স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে গত ৫ মাস ক্রেতাদের নিকট থেকে ভ্যাট কর্তন করে। অথচ তা সরকারি কোষাগারে জমা করেনি।
প্রতিষ্ঠানটি নিকট থেকে জব্দ করা তথ্য অনুসারে, ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত মূসক আরোপযোগ্য পণ্যের বিক্রয়মূল্য ছিল ২ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৯ টাকা, যার ওপর প্রযোজ্য মূসক ৩৩ লাখ ৯ হাজার ৪৫২ টাকা উদঘাটিত হয়।
ভ্যাট গোয়েন্দার তদন্তকালে প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে এবং ক্রেতার কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করা সমুদয় ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করে। প্রতিষ্ঠানটি গুলশান ভ্যাট সার্কেলে আবেদন করে ভ্যাট নিবন্ধন গ্রহণ করেছে।
এবিষয়ে, ভ্যাট আইন লঙ্ঘন করায় রেস্টুরেন্টের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ভ্যাট কর্তন করায় টেপটেলসকে জরিমানা আরোপ করা হতে পারে।
সানবিডি/ এন/ আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














