ডিজিটাল সাবমিশন সফটওয়্যার ডিএসই’র নতুন মাইলফলক: চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-০৮ ২১:১৮:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ‘ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডিসেমিনেশন সফটওয়্যার’ উদ্বোধনের মাধ্যমে নতুন মাইলফলক অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডিসেমিনেশন প্লাটফর্ম এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ইউনুসুর রহমান বলেন, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারী ডিএসই নিজেই শুরু করেছিল ইনফরমেশন ডিসক্লোজারি সিস্টেম। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার আলোকে আমরা এই সফটওয়্যারটির কার্যক্রম শুরু করি আজ তার পূর্ণতা পেল। এটি দেশের পুঁজিবাজারের অনেক কাজে লাগবে। অনেক কাজকে সহজ করে দিবে। এই সফটওয়্যারটির মাধ্যমে সবাই উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথির পরামর্শের আলোকে সফটওয়্যারের সঙ্গে সিসিএ অ্যাকাউন্ট সন্নিবেশিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ব্রোকারেজ হাউজে সমন্বিত গ্রাহক হিসেবে (সিসিএ) অনেক সমস্যা হয়। তাই সমস্যা হওয়ার আগেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সমস্যা হয়ে যাওয়ার পরে এ সম্পর্কে জেনে কোন লাভ হয়না।
এ সময় কোম্পানীগুলোর একেবারে খারাপ অবস্থা হওয়ার আগেই ‘ডিএসই’ যাতে জানতে পারে এমন কোন পদ্ধতি অবলম্বন করা যায় কি না সেটি নিয়ে পর্যালোচনা করতে আইটি বিভাগকে নির্দেশনা দেন চেয়ারম্যান ইউনুসুর রহমান। কোন তথ্য সংগ্রহ করলে কোম্পানীগুলোর অভ্যন্তরীন অবস্থা খারাপ হতে শুরু করলেই বিষয়টি বুঝতে পারা যাবে এমন উপায় বেড় করতে বলেন তিনি।
ডিএসই’র ডেপুটি জেলারেল ম্যানেজার সাইদ মাহমুদ জুবায়ের এর সঞ্চালনায় আয়োজিত ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ডিএসই’র ভারপ্রাপ্ত এমডি আব্দুল মতিন পাটওয়ারী, সিটিও জিয়াউল করিম, সিআরও মো. আব্দুল লতিফ, ম্যানেজার মো. রবিউল ইসলামসহ ডিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ডিএসইতে তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













