রূপগঞ্জে অগ্নিকাণ্ড : পুলিশ-শ্রমিক সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০৯ ১৩:১২:৩৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু ও অন্তত ৮০ শ্রমিক নিখোঁজের ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা দ্বিতীয়বারের মতো ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা হাসেম ফুড লিমিটেডের আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়। শুক্রবার (৯ জুলাই) বেলা ১১টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আনসারদের প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত ইনচার্জ নাছিমা বেগম বলেন, ‘সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা হাসেম ফুডের আনসার ক্যাম্পে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শ্রমিকরা ক্যাম্পের অস্ত্র সংরক্ষণাগার থেকে চারটি শটগান ছিনিয়ে নিয়ে পাশের খালে ফেলে চলে যায়। এ ঘটনায় তিনটি শটগান পানি থেকে উদ্ধার করা গেলেও একটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কাউসার, বিশ্বজিত, ফারুক, মোশরাকুলসহ প্রায় পাঁচ আনসার সদস্য আহত হন।’
ঘটনাস্থলে র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আঞ্চলিক পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এদিকে দুপুর সারে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করলেও পরে পর্যায়ক্রমে তাদের সঙ্গে যোগদান করে আরও ১৪টি ইউনিট। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত স্বপ্না আক্তার (৪৫), মীনা আক্তার (৪১) ও মোরসালিনসহ (২৮) তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এখনো ৭০-৮০ জন শ্রমিক ওই ভবনের ভেতরে রয়েছে বলে জানান কারখানার শ্রমিক ও নিখোঁজের স্বজনরা।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














