রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতদের পরিচয় জানতে সময় লাগবে ১ মাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১০ ১৩:০২:৫০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৫২ জন। পুড়ে যাওয়া এসব লাশের পরিচয় জানতে ১ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ। শনিবার (১০ জুলাই) ডিএনএ পরীক্ষক মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৬ টি মরদেহের বিপরীতে ৩৫ জন দাবিদারের নমুনা সংগ্রহ করেছি। এখনও সব দাবিদার আসেননি। তারা এলে পর্যায়ক্রমে তাদের নমুনা নেয়া হবে। একইসঙ্গে যাদের নমুনা নেয়া হয়েছে সেগুলো ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সব মিলিয়ে আশা করা যায় ১ মাস সময়ের মধ্যে পরিচয়গুলো আমরা শনাক্ত করতে পারব।’
মোহাম্মদ মাসুদ রাব্বী আরও বলেন, ‘আমরা রেফারেন্স নমুনা সংগ্রহ করছি। ডেডবডির দাঁত ও হাড় সংগ্রহ করা হয়েছে। এই ধরনের নমুনাগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করব।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














