রাজধানীতে গাড়ির ধাক্কায় ২ পুলিশ নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৭-১১ ১৯:৪০:৫৭
রাজধানীতে গাড়ির ধাক্কায় ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে গুলশান চেকপোস্টে দায়িত্ব পালনকালে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া। অপর পুলিশ সদস্য লতিফুর রহমান (৩৫) রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান জানান, গত ৪ জুলাই দুপুর ১টার দিকে লিটন মিয়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকারকে থামার জন্য সিগনাল দিলে সেটির চালক না থামিয়ে লিটন মিয়াকে আঘাত করে প্রায় এক কিলোমিটার পথ গাড়ির সঙ্গে টেনে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকাল ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে মারা যান লিটন মিয়া। তিনি গুলশান থানার এএসআই হিসেবে কর্তরত ছিলেন। লিটন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় পুলিশ প্রাইভেটকারটির চালককে আটক ও গাড়িটি জব্দ করেছে।
এছাড়া গতকাল (১০ জুলাই) রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় লতিফুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তবে তাকে আঘাত করা গাড়িটি শনাক্ত করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তিনি হাইকোর্ট এলাকায় কর্মরত ছিলেন।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














